রাজধানীতে বাসে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো পরিকল্পিত নাশকতা বলে মনে করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব কর্মকাণ্ডের উদ্দেশ্য জনমনে আতঙ্ক সৃষ্টি করা বলে জানিয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
রোববার (৮ নভেম্বর) মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আকতার হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীতে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। মোবাইল পার্টি ও পিকেট ডিউটির পাশাপাশি বিভিন্ন এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।
তিনি বলেন, বাসে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এসব ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে নিষিদ্ধ সংগঠন ও এর অঙ্গসংগঠনের সদস্যও রয়েছেন।
ককটেল তৈরির উপাদান সংগ্রহ এবং নাশকতায় ব্যবহারের জন্য দাহ্য পদার্থ কেনাবেচার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। নাশকতায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
