বাংলাদেশে চলতি বছর ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় ৯৩ শতাংশ এবং মৃত্যুর সংখ্যা প্রায় ৫০ শতাংশ বেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৭ নভেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৫৮০ জন। মারা গেছেন ৪৫৮ জন। গত বছরের একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৬ হাজার ৫১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৩০৭ জনের।
শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৫ হাজার ৮২৬ জন।
মাসভিত্তিক হিসাবে অক্টোবরে ডেঙ্গুতে সর্বোচ্চ ১৭৪ জনের মৃত্যু হয়েছে। নভেম্বরের প্রথম সাত দিনেই মারা গেছেন আরও ৩৫ জন।
কীটতত্ত্ববিদদের মতে, বছরব্যাপী বিজ্ঞানভিত্তিক মশকনিধন কার্যক্রমের ঘাটতি ডেঙ্গুর প্রকোপ দীর্ঘায়িত করছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রোগ শনাক্তে বিলম্ব ও দেরিতে হাসপাতালে ভর্তি মৃত্যুঝুঁকি বাড়াচ্ছে। এক পর্যালোচনায় দেখা গেছে, ডেঙ্গুতে মৃতদের এক-তৃতীয়াংশের বেশি হাসপাতালে ভর্তির ২৪ ঘণ্টার মধ্যেই মারা গেছেন।
