বাংলাদেশে তৈরি অ্যালুমিনিয়ামের রান্নার পাত্র থেকে ভাত ও খিচুড়িতে সিসা মিশে যাওয়ার প্রমাণ পেয়েছেন গবেষকেরা। নতুন পাত্রে ঝুঁকি বেশি হলেও পুরোনো পাত্রও নিরাপদ নয়। গবেষণায় দেখা গেছে, পাত্র পরিষ্কারে শক্ত তারের জালি ব্যবহার করলে খাবারে সিসার পরিমাণ আরও বাড়তে পারে।
আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী জার্নাল অব এক্সপোজার সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল এপিডেমিওলজি-তে ২৫ অক্টোবর প্রকাশিত গবেষণায় ২৭টি অ্যালুমিনিয়ামের পাত্র পরীক্ষা করা হয়। এতে নতুন পাত্রে রান্না করা ভাতে প্রতি কেজিতে সর্বোচ্চ ৩০৫ মাইক্রোগ্রাম এবং খিচুড়িতে ৪২০ মাইক্রোগ্রাম সিসা পাওয়া গেছে।
গবেষকেরা জানান, বারবার রান্নায় সিসার পরিমাণ কমলেও ঝুঁকি পুরোপুরি দূর হয় না। ধাতব খুন্তি দিয়ে নাড়াচাড়া ও শক্ত জালি দিয়ে ঘষলেও সিসা নির্গমন বাড়ে।
বিশেষজ্ঞদের মতে, সিসা শিশুদের মস্তিষ্কের বিকাশ, শেখার ক্ষমতা ও কিডনির ক্ষতি করতে পারে। গবেষকেরা রান্নার পাত্রের কাঁচামাল ও মান নিয়ন্ত্রণে কার্যকর নজরদারির সুপারিশ করেছেন।
