জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাচ্ছেন গোলাম মাওলা রনির স্ত্রী—বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর বিষয়টি অস্বীকার করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তাঁর দাবি, খবরে উল্লেখ করা নারী তাঁর স্ত্রী নন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি গণমাধ্যমের ফটোকার্ড শেয়ার করে এ দাবি করেন তিনি।
ফটোকার্ডে বলা হয়েছিল, ‘এনসিপিতে যোগ দিচ্ছেন গোলাম মাওলা রনির স্ত্রী’। এর জবাবে রনি লেখেন, ওই নারী তাঁর স্ত্রী নন; তিনি সাতকানিয়ার জামায়াত নেতা হারুনের সাবেক স্ত্রী।
এর আগে এনসিপি নেতাদের বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যম ওই নারীর দলটিতে যোগ দেওয়ার খবর প্রকাশ করে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট নারীর বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
