মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত থাকলে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না বলে মন্তব্য তথ্য উপদেষ্টার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর হচ্ছে শিক্ষা প্রশাসন, জবাবদিহি করতে হবে শিক্ষকদের আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, অনিশ্চিত অ্যাপল প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান হরমুজ প্রণালিতে দুই মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের প্রকৌশলী নজরুলের অনৈতিক প্রশ্রয়ে সরকারি মেগা প্রকল্পে যুবলীগ নেতার দৌরাত্ম্য! ২০২৭ সালে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, দীপকে ফের রিমান্ডে নিতে চায় পুলিশ চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর: পেট্রোবাংলা

আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, অনিশ্চিত অ্যাপল

আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, অনিশ্চিত অ্যাপল

অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য স্মার্টফোন আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, তা নিশ্চিত করে বলতে পারছে না প্রতিষ্ঠানটি। গ্রাহকদের চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ফোনটির ডেলিভারি পেতে আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে অনেক ক্রেতাকে।

সোমবার (২ নভেম্বর) অ্যাপলের চতুর্থ প্রান্তিকের আয়বিষয়ক সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা সাবিহ খান এ কথা জানান।

তিনি বলেন, ‘আইফোন ডুয়ের সরবরাহ বর্তমানে সীমিত। উৎপাদন বাড়ানোর কাজ ভালোভাবেই এগোচ্ছে। গ্রাহকদের হাতে যত দ্রুত সম্ভব এই নতুন পণ্য পৌঁছে দিতে আমরা কঠোর পরিশ্রম করছি। তবে সরবরাহ ও চাহিদার মধ্যে ভারসাম্য কবে ফিরবে, তা এখনই বলা কঠিন।’

অ্যাপলের ওয়েবসাইটে বিক্রি শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই আইফোন ডুয়ের মজুত শেষ হয়ে যায়। এর ফলে নতুন অর্ডার দেওয়া গ্রাহকদের ডেলিভারির সময় আগামী বছর পর্যন্ত পিছিয়ে যায়। অক্টোবরে ফিন্যান্সিয়াল টাইমসকে অ্যাপল জানিয়েছিল, ফোনটির চাহিদা ‘অসাধারণ’।

অ্যাপল স্টোরে সরাসরি লাইনে দাঁড়িয়ে বা আগাম অর্ডারের মাধ্যমে ফোনটি সংগ্রহ করতে না পারা গ্রাহকদের এখন দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে। সরবরাহে বিলম্বের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে মার্কিন টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভেরাইজন। ক্ষতিপূরণ হিসেবে গ্রাহকদের উপহার কার্ডও দিচ্ছে প্রতিষ্ঠানটি।

অ্যাপলের সরবরাহব্যবস্থা অত্যন্ত দক্ষ হিসেবে পরিচিত। তাই নতুন ফোনটির দীর্ঘদিনের সরবরাহ সংকট প্রতিষ্ঠানটির জন্য উল্লেখযোগ্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

তবে শুধু অ্যাপল নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি খাতে ব্যাপক চাহিদার কারণে বিশ্বজুড়েই মেমোরি চিপের সরবরাহ ও দাম নিয়ে চাপ তৈরি হয়েছে। এর প্রভাব পড়ছে বিভিন্ন প্রযুক্তিপণ্যের উৎপাদন খরচে। ফলে হার্ডওয়্যার নির্মাতাদের জন্য পণ্যের দাম বাড়ানোর ঝুঁকিও তৈরি হয়েছে।

অ্যাপলও এরই মধ্যে কয়েকটি পণ্যের দাম বাড়িয়েছে বলে সম্মেলনে জানান সাবিহ খান। তিনি বলেন, অনিচ্ছা সত্ত্বেও এসব সিদ্ধান্ত নিতে হয়েছে প্রতিষ্ঠানটিকে।

আইফোন ডুয়ের উৎপাদন বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে টাইটানিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠান পেরিম্যানের সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করছে অ্যাপল। নতুন ভাঁজযোগ্য ফোনটির জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহে প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করছে তারা।

অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা জন টার্নাস বলেন, ‘ফোনটি নিয়ে প্রাথমিক পর্যালোচক ও গ্রাহকদের কাছ থেকে পাওয়া সাড়ায় আমরা অত্যন্ত আনন্দিত। যত দ্রুত সম্ভব গ্রাহকদের হাতে আইফোন ডুয়ে পৌঁছে দিতে আমরা কাজ করছি।’

সূত্র: টেকক্রাঞ্চ