বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
এলডিসি থেকে উত্তরণের পরও কমনওয়েলথের বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার অনুরোধ ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর প্রয়াত সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী আজ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চীনা কমিউনিস্ট পার্টির নেতার শ্রদ্ধা সচিবালয়ে প্রবেশ ও অবস্থানের সময় প্রবেশ কার্ড দৃশ্যমান রাখার নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সফরে আসছেন চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত থাকলে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না বলে মন্তব্য তথ্য উপদেষ্টার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর হচ্ছে শিক্ষা প্রশাসন, জবাবদিহি করতে হবে শিক্ষকদের আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, অনিশ্চিত অ্যাপল প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান

এইচএসসিতে পাসের হারে এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা

এইচএসসিতে পাসের হারে এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের গ্রুপভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, পাসের হারে সবচেয়ে বড় সাফল্য দেখিয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে মানবিক বিভাগের শিক্ষার্থীরা। তবে গ্রুপভিত্তিক ফলাফলের সকল বিভাগেই ছাত্রদের তুলনায় পাসের হারে বাজিমাত করেছে ছাত্রীরা।

আজ সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন ফলাফলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

গ্রুপভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে সার্বিক পাসের হার ৫১.৬২ শতাংশ হলেও বিজ্ঞান বিভাগে পাসের গড় হার সবচেয়ে বেশি— ৭৩.১২ শতাংশ। এর বিপরীতে মানবিক বিভাগে গড় পাসের হার ৪২.১৭ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫০.৭৭ শতাংশ।

বিজ্ঞান বিভাগ :

পরিসংখ্যান অনুযায়ী, বিজ্ঞান বিভাগে মোট ২ লাখ ৭৩ হাজার ৬২৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে মোট ২ লাখ ৭৪ জন। বিজ্ঞানে ছাত্রদের পাসের হার ৭১.৬০ শতাংশ হলেও ছাত্রীদের পাসের হার ৭৪.৫৫ শতাংশ। বিজ্ঞানে ছাত্রীদের পাসের সাফল্য সামগ্রিক গ্রুপভিত্তিক ফলাফলের মধ্যে সর্বোচ্চ।

ব্যবসায় শিক্ষা বিভাগ :

পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, ব্যবসায় শিক্ষা বিভাগে মোট ১ লাখ ৬৭ হাজার ১৬৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৮৪ হাজার ৮৬৪ জন। এই গ্রুপে গড় পাসের হার ৫০.৭৭ শতাংশ। এখানে ছাত্রদের পাসের হার ৪৫.৯৪ শতাংশের বিপরীতে ছাত্রীদের পাসের হার ৫৬.৫৮ শতাংশ।

মানবিক বিভাগ :

পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশ নেওয়া মানবিক বিভাগে পাসের হার তুলনামূলকভাবে কম। মোট ৬ লাখ ৭ হাজার ৭৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ লাখ ৫৬ হাজার ৩১১ জন; পাসের গড় হার ৪২.১৭ শতাংশ। তবে এই বিভাগেও ছাত্রীরা বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। মানবিকে ছাত্রদের পাসের হার মাত্র ৩৫.০১ শতাংশ হলেও ছাত্রীদের পাসের হার ৪৭.৪৯ শতাংশ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী গিয়াস উদ্দিন রিমন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব কেরামত আলীসহ সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং পরীক্ষা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।