শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দলের সমন্বয় জরুরি: সিইসি

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দলের সমন্বয় জরুরি: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন। এ জন্য তিনি দলগুলোর সহযেগিতা কামনা করেন। 

তিনি বলেন, ‘যাবতীয় প্রস্তুতি নেওয়ার পরও রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনের সঙ্গে সহযোগিতামূলক মনোভাব পোষণ না করলে আসন্ন নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা থেকে যাবে। তাই একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনাদের স্বতস্ফুর্ত সহযোগিতা প্রত্যাশা করছি।’

আজ সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সেমিনার কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে ইসির সংলাপে সভাপতির বক্তব্যে সিইসি এসব কথা বলেন।  

সিইসি বলেন, রাজনীতিবিদদের সঙ্গে কাজ করতে গিয়ে স্পষ্টভাবে বুঝেছি যে, রাজনৈতিক দল ও তাদের সদস্যদের সহযোগিতা ছাড়া সুন্দর নির্বাচন করা সম্ভব নয়। 

সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতা  চেয়ে তিনি বলেন, আপনারা জাতীয় নেতা; আপনারা আমাদের চাইতে ভালো জানেন, কারণ দেশ পরিচালনার দায়িত্বে আপনারাই থাকেন। আমরা বিশ্বাস করি দেশের ব্যাপারে আপনারা কারো চাইতে কম ভাবেন না।

একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে ইসির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য আমাদের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি নেওয়া হবে। যত ঝড়-ঝঞ্ঝাটই আসুক না কেন, আমরা সেসব মোকাবিলা করে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ নিশ্চিতের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব।

এ এম এম নাসির উদ্দিন বলেন, দায়িত্ব নেওয়ার পর ভোটার তালিকা হালনাগাদসহ আমাদের অনেক বড় কাজ করতে হয়েছে। এছাড়াও কিছু নতুন কাজে হাত দিয়েছি, যা আগে কেউ করেনি। নানা সীমাবদ্ধতার মধ্যেও আমরা হাল ছাড়িনি; এগিয়ে যাচ্ছি।
 
নির্বাচনের আগে, নির্বাচনের দিন ও পরের দিন-এই তিন ধাপে যাতে কোন সমস্যা সৃষ্টি না হয়, সেজন্য সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

সিইসি বলেন, সংলাপের মূল লক্ষ্য আচরণবিধি পালনের বিষয়টি নিশ্চিত করা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ও কর্মীদের দলের পক্ষ থেকে আচরণবিধি মানার বিষয়ে প্রভাবিত করতে হবে। যথাযথভাবে আচরণবিধি পালন করা হলে আমাদের কাজ সহজ হয়ে যাবে।

তিনি আরো বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর দেশ গড়ার প্রাথমিক শর্ত সুন্দর নির্বাচনের আয়োজন করা। এর মাধ্যমে যোগ্য প্রতিনিধি নির্বাচিত করা গেলে দেশের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা যাবে।

সংলাপে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, তাহমিদা আহমেদ ও মো. আনোয়ারুল ইসলাম সরকার প্রমুখ।

সকালের সংলাপে অংশ নেওয়া ৬টি দল হল- বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল।

দুপুর ২টা থেকে আরও ৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা ইসির সঙ্গে সংলাপে বসবে। দলগুলো হল- বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা।