শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

বাংলাদেশের উন্নয়নে তারুণ্যের অবদান অপরিসীম: প্রধান উপদেষ্টা

বাংলাদেশের উন্নয়নে তারুণ্যের অবদান অপরিসীম: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় তারুণ্যের ভূমিকা অপরিসীম। তারুণ্যের শক্তিকে ধারণ করে আমাদের যুবসমাজ রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে।

আজ রোববার ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি বলেন, ‘আমাদের তরুণ স্বেচ্ছাসেবকরা তাদের নিষ্ঠা, সাহস, সৃজনশীলতা এবং অক্লান্ত পরিশ্রম দিয়ে জাতি গঠনে অনন্য ভূমিকা রেখে চলেছে। তারুণ্যের এই আত্মনিবেদন আমাদের সমাজে ইতিবাচক পরিবর্তনের মূল চালিকাশক্তি।’

প্রধান উপদেষ্টা বলেন, ‌‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করা হচ্ছে জেনে আমি আনন্দিত।’ এ বছর ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’-এর জন্য যারা মনোনীত হয়েছেন তাদের সবাইকে তিনি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ, দুর্যোগ মোকাবিলাসহ সামাজিক উন্নয়নের নানা ক্ষেত্রে আমাদের তরুণ ও যুবরা প্রতিনিয়ত সক্রিয় অংশগ্রহণ ও স্বেচ্ছাসেবা দিয়ে যাচ্ছে। তাদের এই অবদানকে স্বীকৃতি দিতে এবং তরুণ প্রজন্মকে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে উৎসাহিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ চালু করেছে, যা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। আমি সমাজ পরিবর্তনের এই অগ্রদূতদের পুরস্কৃত করার উদ্যোগ নেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে বহুমুখী সংস্কার ও উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছে। এই বিশাল কর্মযজ্ঞের সফল বাস্তবায়নে তরুণ স্বেচ্ছাসেবীদের সর্বাত্মক অংশগ্রহণ একান্ত প্রয়োজন।

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আমাদের তরুণ প্রজন্ম পুরস্কারপ্রাপ্ত স্বেচ্ছাসেবীদের দেখে অনুপ্রাণিত হবে এবং দেশ গঠনে আরও নিষ্ঠা ও একাগ্রতার সাথে দায়িত্ব পালন করবে।’