বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
 শিরোনাম
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফর করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হচ্ছে ডিসেম্বরে প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খনন ও ওয়ার্কওভারের পরিকল্পনা, দৈনিক গ্যাস উৎপাদনের লক্ষ্য ১,৭৫২ মিলিয়ন ঘনফুট আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে চীনের অঙ্গীকার: লিউ ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও শিল্পপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে প্রধানমন্ত্রীর সৌরবিদ্যুৎ পরিকল্পনা: মাহদী আমিন আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সিউলে বিএনপি প্রতিনিধি দল বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে

ডাম্প ইয়ার্ড স্থাপনে খাসজমি বরাদ্দের নির্দেশ দিয়েছে সরকার

ডাম্প ইয়ার্ড স্থাপনে খাসজমি বরাদ্দের নির্দেশ দিয়েছে সরকার

দেশের ৩৩০টি পৌরসভার মধ্যে যেগুলোতে এখনো ডাম্পিং স্টেশন নেই, সেগুলোর বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে ডাম্প ইয়ার্ড নির্মাণের জন্য প্রয়োজনীয় খাসজমি বরাদ্দ দিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখা থেকে জারি করা এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। উপসচিব ড. আশফিকুন নাহার স্বাক্ষরিত চিঠিটি দেশের সব জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, গত ৭ জুন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দূষণমুক্ত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব অংশীজনকে নিয়ে একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় ১১ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়- যেসব পৌরসভায় ডাম্পিং স্টেশন নেই, সেসব এলাকার বর্জ্য ব্যবস্থাপনার জন্য শহরের কাছাকাছি কম জনবসতিপূর্ণ এলাকায় প্রয়োজনীয় খাসজমি বরাদ্দের ব্যবস্থা করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, ডাম্প ইয়ার্ড নির্মাণের লক্ষ্যে উপযুক্ত খাসজমি চিহ্নিত করে প্রথমে বার্ষিক বন্দোবস্তের মাধ্যমে তা পৌরসভাকে ব্যবহারের সুযোগ দিতে হবে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করে জমিটি স্থায়ী বন্দোবস্ত দেওয়ার উদ্যোগ নিতে হবে। 

এছাড়া খাসজমির স্থায়ী বরাদ্দ চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত সংশ্লিষ্ট জমিটি সাময়িকভাবে বর্জ্য ডাম্পিংয়ের কাজে ব্যবহারের অনুমতি দিতে বলা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ জেলা প্রশাসকদের জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এ বিষয়ের অগ্রগতি প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠাতে বলেছে।