বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফর করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হচ্ছে ডিসেম্বরে প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খনন ও ওয়ার্কওভারের পরিকল্পনা, দৈনিক গ্যাস উৎপাদনের লক্ষ্য ১,৭৫২ মিলিয়ন ঘনফুট আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে চীনের অঙ্গীকার: লিউ ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও শিল্পপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে প্রধানমন্ত্রীর সৌরবিদ্যুৎ পরিকল্পনা: মাহদী আমিন আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সিউলে বিএনপি প্রতিনিধি দল বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে

আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল যুক্ত করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার

আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল যুক্ত করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, দেশের প্রত্যন্ত অঞ্চলসমূহকে আধুনিক যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আনতে রেলপথ সম্প্রসারণে সরকার অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। 

তিনি বলেন, রেললাইন সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়িত হলে সীমান্তবর্তী ও দুর্গম অঞ্চলের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।  

আজ বুধবার নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার জারিয়া ঝাঞ্জাইল রেল স্টেশন হতে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের লক্ষ্যে সরেজমিন পরিদর্শন এবং সুধীজনদের সাথে মতবিনিময় সভায় ডেপুটি স্পিকার এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, নেত্রকোণার দুর্গাপুর অঞ্চলের পর্যটন, ব্যবসা-বাণিজ্য, কৃষি ও স্থানীয় অর্থনীতির বিকাশে জারিয়া ঝাঞ্জাইল হতে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ একটি সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই রেললাইন সম্প্রসারণের কাজ বাস্তবায়িত হলে সীমান্তবর্তী ও দুর্গম অঞ্চলের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।
 
ব্যারিস্টার কায়সার কামাল আরো বলেন, ‘এটি (ঝাঞ্জাইল) ১০৮ বছর পুরনো একটি স্টেশন। কিন্তু ১০৮ বছর আগে যে উন্নয়ন হয়েছিল, সেই উন্নয়নেই যেন সবকিছু থেমে আছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, রেল প্রতিমন্ত্রীর নেতৃত্বে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতায় এই দীর্ঘস্থায়ী স্থবিরতার অবসান ঘটবে। নেত্রকোণার এই সম্ভাবনাময় অঞ্চলেও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘গত নির্বাচনে এ অঞ্চলের মানুষের কাছে বিদ্যমান রেললাইনের উন্নয়ন ও সম্প্রসারণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আমি আশা করছি, এই এলাকার মানুষ এর সুফল পাবেন, ইনশাআল্লাহ।’

পরিদর্শনকালে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, এই অঞ্চলের সন্তান ডেপুটি স্পিকার কায়সার কামাল এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তিনি জারিয়া স্টেশন থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের উদ্যোগ নিয়েছেন এবং তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। লাইনটি সম্প্রসারণের লক্ষ্যে ফিজিবিলিটি স্টাডি এবং ভূমি অধিগ্রহণের কাজ চলছে।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি, বণিক সমিতির সভাপতি, উপজেলা বিএনপি সভাপতি, উপজেলা জামায়াতের আমীরসহ স্থানীয় নেতৃবৃন্দ।