ব্রাজিলের ফুটবল ভক্তরা আশাবাদী ছিল তাদের কোচ হতে যাচ্ছেন অ্যানচেলত্তি। কোপার আগেই কার্লো অ্যানচেলত্তি ব্রাজিল শিবিরে যোগ দেবেন, এমনটিই শোনা যাচ্ছিল। ব্রাজিলের পছন্দের তালিকায় অ্যানচেলত্তি থাকার অন্যতম কারণ, তিনি রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, ক্যাসেমিরোদের গুরু। তবে ব্রাজিল ভক্তদের হতাশ করেছেন এই ইতালিয়ান ট্যাকটিশিয়ান।
আচমকাই রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন ২০২৬ পর্যন্ত। ২৯ ডিসেম্বর আনচেলত্তির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। এরপরেই নিশ্চিত হয় ব্রাজিলের ডাগআউটে আসছেন না তিনি।
এর পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি এডনালদোকে সরিয়ে দেওয়া। রিও ডে জেনিরোর এক আদালতের রায়ে তাকে সরিয়ে দেওয়ার আদেশ করা হয়। এডনালদোই অ্যানচেলত্তিকে আনার ব্যাপারে কাজ করছিলেন।
তবে মঙ্গলবার (২ জানুয়ারি) এসব ইস্যুতে মুখ খুলেছেন কার্লো অ্যানচেলত্তি। লস ব্লাঙ্কোসদের হয়ে নিজের অবস্থান ব্যক্ত করে জানালেন এটাই তার শেষ ঠিকানা, ‘রিয়াল মাদ্রিদই আমার ক্যারিয়ারের শেষ ঠিকানা। আমি কোচিং ছেড়ে দিলেও এখানেই থাকতে পারতাম।’
