অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারের শেষ টেস্ট বলে কথা। তাই তো, নিজের মাঠে শেষবার অস্ট্রেলিয়ার সাদা পোশাক আর ব্যাগি গ্রিন ক্যাপ নিয়ে হাজির তিনি। সঙ্গে তার সন্তানরা। একদিন আগেই জানিয়েছিলেন নিজের অতি প্রিয় ব্যাগি গ্রিন ক্যাপটা হারিয়ে ফেলেছেন তিনি। খোঁজ চেয়ে ইন্সটাগ্রামে পোস্ট করেছেন। ভিডিওবার্তায় অনুরোধ জানিয়েছেন পেলে যেন ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়।
তবে বুধবার টসের আগে মাথায় অস্ট্রেলিয়ার চিরচেনা সবুজ ক্যাপ নিয়েই হাজির হয়েছিলেন ওয়ার্নার। তবে কী একদিনের মাথায় ক্যাপ ফিরে পেয়েছেন বাঁহাতি এই ব্যাটার।
ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিসিয়াল ওয়েবসাইট অবশ্য জানিয়েছে, এটা ওয়ার্নারের সঙ্গে থাকা বাড়তি একটি ক্যাপ। ২০১১ সালে অভিষেকের দিন যে ক্যাপটি দেওয়া হয়েছিল, সেটি ছিঁড়ে যাওয়ার পর তা আবার সারিয়ে নিতে পাঠানো হয় প্রস্তুতকারকদের কাছে। সেসময়ই একটি ক্যাপ তুলে দেওয়া হয় ওয়ার্নারের হাতে। বাড়তি সেই ক্যাপ নিয়েই আজ সিডনিতে হাজির হয়েছেন তিনি।
এর আগে, মেলবোর্ন টেস্ট শেষ করে সিডনিতে যাওয়ার পথে হারিয়ে যায় ওয়ার্নারের ক্যাপ। ইনস্টাগ্রামে ক্যাপ ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে ওয়ার্নার বলেছেন, ‘এটা আমার শেষ অবলম্বন। কিন্তু আমার যে ব্যাগপ্যাকে ব্যাগি গ্রিন ছিল, লাগেজ থেকে সেটা নিয়ে নেওয়া হয়েছে। কয়েক দিন আগে ওটা মেলবোর্ন বিমানবন্দর থেকে সিডনিতে যায়। এটার সঙ্গে আমার আবেগ জড়িত। এটা এমন একটি কিছু যা আমি ফিরে পেতে চাই।’
ম্যাচের আগে ফক্স ক্রিকেটের সামনে আরও একবার ক্যাপ ফেরত পাওয়ার আকুতি জানান ওয়ার্নার, ‘এখনো ক্যাপ খুঁজে পাইনি। আপনি যদি আমার ব্যাকপ্যাক পেয়ে থাকেন, আমি আপনাকে আমার ব্যাকপ্যাক দিয়ে দিব। আমি শুধু ওই ব্যাগি গ্রিনসগুলোই ফেরত চাই, প্লিজ।’
